মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে নীলফামারীতে জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো. জহিরুল ইসলাম।
জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় ইউএনও, এসিল্যান্ড, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় বলা হয়, ভূমির অপরিকল্পিত ব্যবহার জাতীয় উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে। সঠিক পরিকল্পনার মাধ্যমে ভূমির ব্যবহার নিশ্চিত করা গেলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। এ সময় জেলার ভূমি ব্যবহারের বর্তমান বিন্যাস ও ভূমির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।