43
নীলফামারীর ডিমলায় জেলা যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ওঠা টেন্ডারবাজির প্রতিবাদ করায় উপজেলা যুবদলের শীর্ষ দুই নেতাকে অব্যাহতির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে উপজেলা সদরের বাবুর হাট স্মৃতি অম্লান চত্বরে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সদ্য অব্যাহতি পাওয়া ডিমলা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম সেলিম, সাবেক সদস্যসচিব আশিকুল ইসলাম লেমন, সাবেক যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হালিমুর রহমান রাসেল, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনি, জেলা ছাত্রদলের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মহিবুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন চৌধুরী পানি উন্নয়ন বোর্ডে যে টেন্ডারবাজি শুরু করেছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন ডিমলা উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিব। এর জের ধরেই সম্পূর্ণ অন্যায়ভাবে ও ষড়যন্ত্রমূলকভাবে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সমাবেশে বক্তারা আরও বলেন, অন্যায় ও টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলায় গঠনতন্ত্রপরিপন্থীভাবে দুই নেতাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে যাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে, তাঁরা অতীতে রাজপথে ছিলেন এবং দলের সুসময়েও তাঁদের অবদান রয়েছে।
এ সময় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে এই অব্যাহতির সিদ্ধান্ত বাতিল না করা হলে আগামীতে ডিমলার মাটি থেকে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে এবং এর সমস্ত দায়দায়িত্ব জেলা যুবদলের সাধারণ সম্পাদককে নিতে হবে।